পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ নভেম্বর রাত প্রায় ৩টে নাগাদ মুরারই থানার অন্তর্গত রাজগ্রাম গ্রাম পঞ্চায়েতের বড়ুয়া গোপালপুর এলাকায় একটি স্টোররুমে অভিযান চালায় STF, পশ্চিমবঙ্গ এবং মুরারই থানার পুলিশ। যৌথ এই অভিযানে স্টোররুম থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ১,০৬৪টি ডিটোনেটর, ১,১০০টি জিলেটিন স্টিক এবং ৩২টি কেবল রোল। প্রতিটি কেবল রোলের দৈর্ঘ্য ৩৭৫ মিটার বলে জানা গিয়েছে।
ধৃত মুকেশ সিং ওই সংস্থার ম্যানেজার। তাঁর বাড়ি সিউড়ির তিলপাড়ায়। অন্যদিকে, সংস্থার মালিক মোঃ রেজা শেখ ওরফে গুধা বড়ুয়া গোপালপুর, রাজগ্রাম এলাকার বাসিন্দা।
এই ঘটনায় STF-এর পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করা হয়েছে। Explosives Act এবং BNS-এর প্রাসঙ্গিক ধারায় আইনি পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
ধৃতদের আদালতে পেশ করা হয়েছে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, মুরারই থানার পুলিশের হাত থেকে মামলার তদন্তভার STF-এর এক আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়েছে।
বীরভূমে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া বিস্ফোরক সামগ্রী কোথায় এবং কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।