পুলিশ সূত্রে জানা গিয়েছে, নানুরের বড়া সাঁওতা এলাকায় ভোট-পরবর্তী হিংসার ঘটনায় শেখ সাহেবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, তিনি কাজল শেখের ঘনিষ্ঠ সহযোগী। পাশাপাশি, শেখ হুমায়ুন ওরফে ফিলিপের আত্মীয় এবং সম্পর্কে ভাই বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের খবর, ওই মামলায় অভিযুক্ত শেখ সাহেবকে গতকাল রাতে গ্রেফতার করে নানুর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে আরও কিছু অপরাধমূলক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে বলেও দাবি পুলিশের।
গ্রেফতারের পর আজ অভিযুক্তকে বোলপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
এই গ্রেফতারিকে কেন্দ্র করে নানুরের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে মামলার অভিযোগের সত্যতা আদালতে বিচারাধীন।