স্থানীয়দের অভিযোগ, ওই টোটো চালক অত্যধিক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে শেষ পর্যন্ত নিজের ভুল স্বীকার করে কান ধরে ক্ষমা চাইতে দেখা যায় তাঁকে। চালক নিজের নাম মোহাম্মদ শাহাবুদ্দিন বলে জানান। তবে বাড়ির ঠিকানা জানতে চাওয়া হলে কখনও বোলপুর, আবার কখনও কলকাতার বাসিন্দা বলে দাবি করেন তিনি। নেশার কারণে সঠিক ঠিকানা বলতে পারছিলেন না, নাকি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করছিলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকার সামনে এমন ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো শুধু আইনবিরুদ্ধই নয়, পথচারীদের প্রাণের পক্ষেও মারাত্মক ঝুঁকিপূর্ণ। হাসপাতালের সামনে এমন বেপরোয়া আচরণে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলেই আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।