নিজস্ব প্রতিবেদন,দ্য সহজ পাঠ ডেস্ক : বঙ্গ বিজেপির সাংগঠনিক কাঠামোয় বড়সড় রদবদল। একাধিক মন্ত্রীকে দলীয় সাংগঠনিক পদ থেকে সরানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন মোর্চা এবং সাতটি সাংগঠনিক জেলার সভাপতির পদেও পরিবর্তন আনা হয়েছে। ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির ভিত্তিতেই এই রদবদল বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
শমীক ভট্টাচার্যের নেতৃত্বে নতুন করে সাজানো হয়েছে রাজ্য বিজেপির সংগঠন। রাজ্য কমিটিতে থাকা মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তাপস রায় এবং জগন্নাথ চট্টোপাধ্যায় সহ একাধিক মন্ত্রীকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মন্ত্রী হওয়ার পর দলীয় সংগঠনের পদে না রাখার নীতিরই প্রতিফলন এই সিদ্ধান্তে বলে বিজেপি সূত্রে দাবি।
মোর্চার ক্ষেত্রেও একাধিক পরিবর্তন করা হয়েছে। যুব মোর্চার সভাপতির পদ থেকে ইন্দ্রনীল খাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে আমতার বিধায়ক অমিত সামন্তকে। মহিলা মোর্চার নতুন সভানেত্রী হয়েছেন অঞ্জনা বসু। ফাল্গুনী পাত্রের জায়গায় তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ওবিসি এবং এসটি মোর্চাতেও নতুন নেতৃত্ব আনা হয়েছে।
জেলা সংগঠনেও এসেছে পরিবর্তন। বনগাঁ, বারাসাত, শ্রীরামপুর, আরামবাগ, মেদিনীপুর, বর্ধমান ও কাটোয়া এই সাত সাংগঠনিক জেলার সভাপতির পদে রদবদল করা হয়েছে। একই সঙ্গে রাজ্য কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও নতুন মুখকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রী না হওয়া সত্ত্বেও যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়কেও রাজ্য কমিটির সাংগঠনিক দায়িত্ব থেকে সরানো হয়েছে। ফলে সব মিলিয়ে রাজ্য বিজেপির সংগঠনকে নতুন করে ঢেলে সাজানোর প্রক্রিয়াই স্পষ্ট হয়েছে।