সিউড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের মেনফটক পাড়ায় ট্রান্সফরমারের জয়েন্ট বক্সে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। রাস্তা সরু হওয়ায় ঘটনাস্থল পর্যন্ত পৌঁছতে পারল না দমকলের গাড়ি। শেষ পর্যন্ত টোটোয় চেপেই ঘটনাস্থলে পৌঁছতে হল দমকলকর্মীদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে আচমকাই ট্রান্সফরমারের জয়েন্ট বক্স থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের গাড়ি এলাকার প্রশস্ত রাস্তা পর্যন্ত পৌঁছলেও পাড়ার ভিতরের রাস্তা সরু হওয়ায় আর এগোনো সম্ভব হয়নি। ফলে টোটোয় চেপে ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা।
তবে দমকলকর্মীরা পৌঁছনোর আগেই স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়ালেও বড়সড় বিপদ এড়ানো গিয়েছে।