জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে সিউড়ি ১ নম্বর ব্লকের চন্দনপুর গ্রামে আয়োজিত হল আইনি সচেতনতা শিবির। সাধারণ মানুষের মধ্যে আইনি অধিকার ও বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ।
শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক, সিউড়ি থানার এসআই বাপ্পা ঘোষ, সাইবার থানার এএসআই সুজয় সিং, ওয়ারলেস অপারেটর আজাহাতুল্লা সেখ এবং অধিকার মিত্র মহম্মদ রফিক। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামের শিক্ষক সচিদানন্দ মুখোপাধ্যায়, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা-সহ স্থানীয় বাসিন্দারা।
শিবিরে বাল্যবিবাহ, শিশুশ্রম, সাইবার অপরাধ, নেশামুক্তি-সহ একাধিক গুরুত্বপূর্ণ আইনি বিষয় নিয়ে আলোচনা করা হয়। কীভাবে আইনি সহায়তা পাওয়া যায় এবং বিভিন্ন অপরাধের ক্ষেত্রে কী পদক্ষেপ করা প্রয়োজন, সে বিষয়েও সচেতন করা হয় সাধারণ মানুষকে।
শিবির শেষে আইনি সচেতনতার বার্তা নিয়ে গ্রামজুড়ে পদযাত্রায় অংশ নেন উপস্থিত সকলে।